বাড়িতে ৪০ বস্তা সার মজুত, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা
গাইবান্ধার সাঘাটায় নির্ধারিত বিক্রয়কেন্দ্রের বাইরে বাড়িতে অনুমতি ছাড়া ৪০ বস্তা এমওপি (পটাশ) সার মজুত রাখার অভিযোগে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এর আগে সন্ধ্যায় উপজেলার বোনারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স হক ট্রেডার্সের স্বত্বাধিকারী ও সার ডিলার মো. মুঞ্জুরুল হককে এ অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।
কৃষি অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুমোদিত সার ডিলার মুঞ্জুরুল হক বোনারপাড়ায় তার নির্ধারিত বিক্রয়কেন্দ্রের বাইরে সার রাখার বিষয়টি কৃষি অফিসের কর্মকর্তাদের নজরে আসে। পরে বিষয়টি যাচাই করতে গিয়ে তার বাড়িতে মজুত করা ৪০ বস্তা এমওপি সার পাওয়া যায়।
ঘটনাটি সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। অনুমোদিত বিক্রয়কেন্দ্রের বাইরে কৃষি অফিসকে না জানিয়ে বাড়িতে সার মজুত রাখার দায়ে মুঞ্জুরুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাড়িতে মজুত করা সারগুলো তার অনুমোদিত বিক্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে নির্দেশনা অনুযায়ী সারগুলো বিক্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, মুঞ্জুরুল হক একজন বৈধ সার ডিলার। তবে কৃষি অফিসের অনুমতি ছাড়া বাড়িতে সার মজুত রাখায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়িতে রাখা সারগুলো তার নির্ধারিত বিক্রয়কেন্দ্রে নেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।


No comments:
Post a Comment